কখনও কি ভেবেছো কেন ঠিক রাত ১০টায় একটা অচেনা নম্বর থেকে ফোন আসে?এতদিন ধরে ফোন আসছে।এখন হয়তো নম্বরটা আর তোমার কাছে অচেনা নেই।কখনও কি মনে প্রশ্ন জাগে-নম্বরটা কার অথবা এই ফোনের পেছনের মানুষটা কে?কখনও কি জানতে ইচ্ছে করে-কেন,কি কারণে একজন মানুষ ঠিক রাত ১০টায় তোমাকে ফোন করে?
আমি জানি কখনও তুমি জানতে চাওনি।কারন তুমি ভাল আছ,সবকিছু নিয়ে ভাল আছ।পড়ালেখায় এত ভাল ছিলে,পড়ালেখা শেষের আগেই ভাল চাকরি করতে।এখন নিশ্চয়ই আরও ভাল কোন চাকরি কর।তোমার উপর তোমার পরিবার খুশি ছিল।এখনও নিশ্চয়ই তাই।তোমার পছন্দের মানুষটিকে নিয়ে আগের মত করেই ঘুরতে যাও?মনে হয় না।এতদিনে নিশ্চয়ই তাকে ঘরণী করে এনেছো...
হয়তো তাই।হয়তো সবকিছু নিয়েই তুমি ভাল আছ বলে তোমার কখনও জানতে ইচ্ছে হয়না-কেন একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন একটা অচেনা নম্বর থেকে ফোন আসে।২বছর পেরিয়ে যাওয়ার পরও তোমার জানতে ইচ্ছে হয়নি।
কিন্তু আমার জানতে ইচ্ছে হয়-কেমন আছ তুমি?কখনও কি আলাদা করে দেখেছিলে আমায়?এত মানুষের ভিড়ে আমায় তুমি দেখোনি কখনও,জানি আমি।আমি খুব বিশেষ কেউ কখনই ছিলাম না যে আমার দিকে আলাদা করে চোখ পড়বে তোমার।তবু স্বপ্ন দেখতাম,তোমাকে নিয়ে... কি পাগল আমি,তাই না?
অনেকেই বলে-বিশেষ তিনটি শব্দ একবার শোনার জন্য মানুষ সারাজীবন অপেক্ষা করতে পারে।আর আমি বলি-বিশেষ তিনটি শব্দ শুনে সেই মুহূর্তের স্মৃতি নিয়েই আমি আমার সারাজীবন কাটিয়ে দিতে পারবো।কারন আমার কাছে শব্দ গুলো বিশেষ নয়।বিশেষ হল কথাগুলো যে বলেছে,সে।সবার কাছে বিশেষ তিনটি শব্দ “আমি তোমাকে ভালবাসি”।আর আমার কাছে “তাহলে পিছনের জন”।
পৃথিবীর কাছে বিশেষত্বহীন এই শব্দ গুলোই আমার কাছে অনেক কিছু...কারন শুধু এই তিনটি শব্দই বলেছিলে তুমি আমাকে...
আমি জানি কথাগুলো তোমার মনে নেই।হয়তো এও মনে নেই বিশেষত্বহীন একটি দিনে ঠিক সকাল ১০টায় পাঁচ সেকেন্ডের দেখা হওয়ার সেই স্মৃতি।সিঁড়ির কোনায় কিশোরীর হঠাৎ থেমে দাঁড়ানো,লজ্জায় মাথা নিচু,তোমার পাশ দিয়ে মাথা নিচু করে হেঁটে যাওয়া...জীবনে এই একটিবার সেই কিশোরীর মনে হয়েছিল-পায়ে পায়েল না থাকলেই বেশি ভাল হত,মানুষটির পাশ দিয়ে নিঃশব্দে চলে যাওয়া যেত তার দৃষ্টি আকর্ষণ না করেই...
অথচ এখন পাঁচ সেকেন্ডের সেই দেখা হওয়ার মুহূর্তের কথা ভেবেই মেয়েটির সারাদিন কাটে।তুমি জানতে চাওনি কখনও-অচেনা নম্বর থেকে সেই সাতটা মেসেজ কে পাঠিয়েছিল।জানতে চাওনা এখন-কে ফোন করে।জানি,জানতে চাইবেনা কখনও-কেন ফোন আসে?
মাঝে মাঝে খুব রাগ হয় জানো?যখন প্রতিদিন একঘেয়ে গলায় মহিলাটি বলে, “দুঃখিত,আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছেনা...”। খুব ইচ্ছে হয় মহিলাটিকে বলি, “একবার দিন না ওকে ফোনটা।কথা বলবো না-কথা দিচ্ছি।শুধু ওর কণ্ঠটা একবার শুনবো।দেবেন?”
[ লিখেছেন- বর্ষা আহমেদ] আপনার নিজের লেখা গল্প পাঠাতে পারেন এই ইমেইল অ্যাড্রেসে- golpobd@mail.com